ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। বুধবার (৪ মার্চ) ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
রাষ্ট্রদূত বলেন, বর্তমানে ইরানে কতসংখ্যক বাংলাদেশি অবস্থান করছেন, তার সুনির্দিষ্ট পরিসংখ্যান এই মুহূর্তে তার হাতে নেই। তবে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে। যেকোনো প্রয়োজনে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বয় করে কাজ করছে বলেও জানান তিনি।
জলিল রহিমি জাহনাবাদি বলেন, ইরান সরকার বিদেশি ও ইরানি নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য করে না। দেশে অবস্থানরত প্রত্যেকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বাংলাদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ দূতাবাস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তার অনুরোধ এলে ইরান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তা বিবেচনা করবে এবং প্রয়োজনীয় ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।