ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করলে ইসরায়েলকে একাই লড়াই চালিয়ে যেতে হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৮ জুন) অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে তিনি এ মন্তব্য করেন। খবর আল-জাজিরার।
সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুদ্ধ চালিয়ে যাওয়ার সম্ভাব্য পরিণতি নিয়ে তিনি নেতানিয়াহুকে সতর্ক করেছেন। তিনি বলেন, আমি বলেছি, বিবি, তোমাকে সতর্ক থাকতে হবে, নইলে খুব শিগগিরই তুমি একা হয়ে যাবে।
এপ্রিল মাসে শুরু হওয়া যুদ্ধবিরতির পর বড় ধরনের উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো। এরই মধ্যে ইসরায়েল ও ইরান উভয় পক্ষ সাময়িকভাবে হামলা বন্ধ রাখার কথা জানিয়েছে। পাশাপাশি শান্তিচুক্তির উদ্দেশ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে।
এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় দুই পক্ষকেই হামলা ও গুলি বন্ধ করার আহ্বান জানান ট্রাম্প। তিনি বলেন, শান্তির লক্ষ্যে চূড়ান্ত আলোচনা চলবে, যদি না অজ্ঞতা বা নির্বুদ্ধিতা এতে বাধা হয়ে দাঁড়ায়।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপেও নেতানিয়াহুকে সামরিক হামলা বন্ধের আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে রোববার বৈরুতে ইসরায়েলের প্রাণঘাতী বোমা হামলার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যেকোনো শান্তিচুক্তির বিষয়টি আংশিকভাবে লেবাননের সংঘাত বন্ধের ওপর নির্ভর করছে।
বৈরুত হামলার প্রতিক্রিয়ায় উত্তর ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এরপর রোববার সন্ধ্যায় ট্রাম্প ফোন করে নেতানিয়াহুকে পাল্টা হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান। তবে সোমবার ভোরে ইরানের ওপর হামলা চালায় ইসরায়েল।
ইসরায়েলি বাহিনীর দাবি, তারা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি পেট্রোকেমিক্যাল স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। পাল্টা জবাবে হাইফার একই ধরনের একটি স্থাপনা এবং ইসরায়েলের দুটি বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। তবে অনেক ক্ষেপণাস্ত্র অধিকৃত পশ্চিম তীরের আকাশেই প্রতিহত করা হয়।