ইরানে গত ২৭ জুনের পর নতুন করে শুরু হওয়া মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব হামলায় আরও পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন বলেও জানিয়েছে তারা।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য প্রকাশ করেন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর।
তার পোস্টে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে মার্কিন হামলায় নিহতদের মধ্যে অন্তত ৫ জন নারী রয়েছেন। এছাড়া ১৮ বছরের কম বয়সী দুই শিশু ও কিশোরও নিহতদের তালিকায় রয়েছে।
হোসেইন কেরমানপুর আরও জানান, আহতদের মধ্যে ৩২ জন নারী এবং ১৮ জন শিশু ও কিশোর রয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উভয় দেশ একে অপরের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা ও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।
চলতি বছরের জুনে যুদ্ধের অবসান এবং স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তবে সেই সমঝোতার পরও অঞ্চলে সামরিক সংঘাত অব্যাহত রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে শনিবার টানা সপ্তম দিনের মতো মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র কুয়েত, জর্ডান, বাহরাইন ও ওমানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানের হামলায় এসব দেশের তেল ও গ্যাস স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।