Skip to main content

Ridge Bangla

ইরানে গোপনে হাজারো স্টারলিংক ডিভাইস পাঠানোর দাবি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর

ইরানে সরকারবিরোধী আন্দোলনকারীদের সহায়তা করতে গোপনে হাজার হাজার স্টারলিংক ইন্টারনেট রিসিভার পাঠিয়েছিল ইসরায়েল-এমন দাবি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তার দাবি, বিক্ষোভকারীদের যোগাযোগ ব্যবস্থা সচল রাখার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান সরকার সেই পরিকল্পনা এগিয়ে নেয়নি বলেও অভিযোগ করেছেন তিনি।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২৩ জুন) জেরুজালেমে জেএনএস ইন্টারন্যাশনাল পলিসি সামিটে বক্তব্য দেওয়ার সময় এসব দাবি করেন বেনেট।

ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, তার উদ্যোগে এমন একটি কার্যক্রম শুরু হয়েছিল, যার মাধ্যমে ইরানের জন্য কয়েক হাজার স্টারলিংক রিসিভার সংগ্রহ করে গোপনে পাঠানোর ব্যবস্থা করা হয়। এসব ডিভাইসের মাধ্যমে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের সংযোগ চালু রাখা সম্ভব হতো।

ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স পরিচালিত স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দিয়ে থাকে। এর আগে ইরান অভিযোগ করেছিল, দেশটির নিরাপত্তা দুর্বল করতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গোপনে এসব যন্ত্র প্রবেশ করিয়েছে।

ইরানে আনুষ্ঠানিকভাবে স্টারলিংক পরিচালনার অনুমতি নেই। তবে ইলন মাস্ক এর আগে জানিয়েছিলেন, দেশটিতে এই সেবা চালু রয়েছে।

বেনেটের দাবি, এসব ডিভাইস পাঠানোর লক্ষ্য ছিল বিক্ষোভকারীদের মধ্যে সমন্বয় তৈরি করা এবং শেষ পর্যন্ত ইরানের সরকার পরিবর্তনের পরিস্থিতি তৈরি করা।

তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে বর্তমান অদক্ষ ইসরায়েলি সরকার সেই কাজ চালিয়ে যায়নি। ফলে যখন বিক্ষোভ শুরু হয়, তখন প্রয়োজনীয় অবকাঠামো সেখানে ছিল না।’

বেনেটের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে নেতানিয়াহুর কার্যালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অফিস সময় শেষ হয়ে যাওয়ায় স্পেসএক্সের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

এর আগে বিভিন্ন অস্থিরতা ও বিক্ষোভের সময় একাধিকবার ইন্টারনেট সংযোগ সীমিত করেছে ইরানি কর্তৃপক্ষ। চলতি বছরের জানুয়ারিতে দেশজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী বিক্ষোভ এবং ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময়ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ সীমিত করা হয়েছিল।

রয়টার্স জানিয়েছে, ইন্টারনেট বন্ধ থাকার সময় কিছু ইরানি নাগরিক যোগাযোগ চালিয়ে যেতে স্টারলিংক ব্যবহার করেছিলেন।

আগামী নির্বাচনে নেতানিয়াহুর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের একজন হিসেবে দেখা হচ্ছে নাফতালি বেনেটকে। ইসরায়েলের ডানপন্থি এই নেতা বলেন, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের উচিত ইরানের সরকারের বিরুদ্ধে একসঙ্গে অবস্থান নেওয়া এবং শেষ পর্যন্ত তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া।

তিনি বলেন, ‘এটি একটি পচে যাওয়া, পুরোনো, জনগণ থেকে বিচ্ছিন্ন এবং অদক্ষ সরকার। সোভিয়েত ইউনিয়নের পতনের মতোই এরও পতন হবে।’

This post was viewed: 17

আরো পড়ুন