মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে ইরানের দেওয়া ১৪ দফা নতুন প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনে পাঠানো হয় বলে জানা গেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রোববার (৩ মে) জানান, বর্তমান আলোচনায় পারমাণবিক ইস্যু যুক্ত করার কোনো সুযোগ নেই। তাদের প্রধান লক্ষ্য এখন লেবাননসহ সব ফ্রন্টে অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা। তিনি বলেন, ইরান কোনো ধরনের চাপ বা আল্টিমেটামের ভিত্তিতে আলোচনায় অংশ নেবে না। ৩০ দিনের সময়সীমাকে তিনি আল্টিমেটাম নয়, বরং একটি সম্ভাব্য সমঝোতা ও বাস্তবায়ন কাঠামো হিসেবে উল্লেখ করেন।
প্রস্তাবে হরমুজ প্রণালী ও ইরানি বন্দরের ওপর থেকে অবরোধ প্রত্যাহার, মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া, আটকে থাকা ইরানি সম্পদ ফেরত এবং যুদ্ধক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ইরানের আশপাশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং ভবিষ্যতে হামলা না হওয়ার নিশ্চয়তার কথাও বলা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। ইসরাইলি সংবাদমাধ্যম কান নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের শর্তগুলো বাস্তবসম্মত নয় এবং বর্তমান পরিস্থিতিতে তা গ্রহণযোগ্য নয়।