Ridge Bangla

ইরানের হামলার পর জরুরি বৈঠক ডেকেছেন নেতানিয়াহু

ইরানের হামলার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৈঠকে দেশটির কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী অংশ নেবেন।

সোমবার (৮ জুন) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে স্থানীয় সময় বেলা ১১টায় নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেছেন নেতানিয়াহু।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বৈঠকটি সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে এবং এতে শুধু কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী উপস্থিত থাকবেন।

এদিকে ইসরায়েলের দুই সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। সোমবার এক বিবৃতিতে বাহিনীটি জানায়, ইসরায়েলের নেভাতিম ও তেল নফ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বিপ্লবী গার্ডের দাবি, ইসরায়েল ইরানের তিনটি অঞ্চলের একাধিক রাডার স্থাপনায় হামলা চালানোর পর পাল্টা জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে।

এর আগে রোববার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরে সোমবার সকালে তেহরান, ইস্ফাহানসহ ইরানের তিন শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।

এরপর ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরাও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর এক ঘণ্টার মধ্যে ইরান থেকেও নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু হয়।

ইরান কয়েক দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

This post was viewed: 1

আরো পড়ুন