Skip to main content

Ridge Bangla

ইরানের সঙ্গে সংঘাতে দুই সপ্তাহে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন

ইরানের সঙ্গে চলমান সংঘাতে গত দুই সপ্তাহে প্রায় ১০০ মার্কিন সেনা আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনাদের আহত হওয়ার তথ্য গোপন করার অভিযোগ নাকচ করে শন পার্নেল বলেন, আহতদের বেশিরভাগই সামান্য আঘাত পেয়েছেন এবং তাদের ৯৬ শতাংশ ইতোমধ্যে দায়িত্বে ফিরে গেছেন। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

পেন্টাগন একই সঙ্গে জানিয়েছে, জর্ডানে ইরানের হামলায় আরও দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। ১৯ জুলাই জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ওই দুই সেনার মৃত্যুর বিষয়টি উল্লেখ করেন।

এদিকে কুয়েত, বাহরাইন ও জর্ডান জানিয়েছে, সম্ভাব্য হামলা প্রতিহত করতে তারা নিজ নিজ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় উল্লেখযোগ্য সংখ্যক সেনা আহত হওয়ায় ইরানের প্রতিশোধমূলক হামলাগুলো নতুন করে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মঙ্গলবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি রাডার স্থাপনাসহ একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

এদিকে হরমুজ প্রণালিতে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতির কারণে জাহাজটির নাবিকরা সেটি ত্যাগ করে লাইফবোটে আশ্রয় নিতে বাধ্য হন।

This post was viewed: 39

আরো পড়ুন