Skip to main content

Ridge Bangla

ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (৮ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে দেশটির মধ্য ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়।

এর আগে রোববার রাতে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ধারণা করা হচ্ছে, ওই হামলার জবাবেই পাল্টা অভিযান চালিয়েছে ইসরায়েল।

যুদ্ধবিরতি চলার মধ্যেই রোববার লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান।

ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, হামলার পর রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়তে থাকে। রাতেই পাল্টা হামলার প্রস্তুতি নেয় ইসরায়েল।

তবে এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টিতে হস্তক্ষেপ করেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে একাধিকবার টেলিফোনে কথা বলেন।

পরে বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আপাতত ইসরায়েলকে পাল্টা হামলা না চালানোর পরামর্শ দিয়েছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তাও তখন জানান, তাৎক্ষণিকভাবে হামলা চালানো হবে না।

তবে কয়েক ঘণ্টা পরই ইরানে হামলার খবর পাওয়া যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এর আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘন আর মেনে নেওয়া হবে না। একই সঙ্গে ইসরায়েল নতুন কোনো হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করে বাহিনীটি।

This post was viewed: 12

আরো পড়ুন