ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব হিসেবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে ইরান। এতে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি আক্রান্ত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলার পর সেখানে আগুন লাগে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হামলায় দূতাবাসে সামান্য বস্তুগত ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে বাহরাইনে অবস্থিত নৌঘাঁটি মানামাতে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। একই সময়ে ওমানের দুকুম বাণিজ্যিক বন্দরে একটি তেলের ট্যাংকারে ড্রোন হামলা চালানো হয় বলে জানা যায়।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে চালানো এসব আঘাত উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন স্থাপনাগুলোর ওপর নিরাপত্তা চাপ বাড়িয়েছে। আঞ্চলিক জোট রাজনীতি ও সামরিক অবস্থানকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
উপসাগরীয় অঞ্চলজুড়ে চলমান পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে বলে পর্যবেক্ষকদের অভিমত।