Skip to main content

Ridge Bangla

ইরানের পারমাণবিক স্থাপনায় পুনর্নির্মাণের আলামত, দাবি মার্কিন গণমাধ্যমের

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পুনর্নির্মাণের আলামত পাওয়া গেছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেশটি ক্ষতিগ্রস্ত কয়েকটি স্থাপনা মেরামতের চেষ্টা করছে বলে শনিবার প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সহযোগিতায় স্যাটেলাইট চিত্রগুলো বিশ্লেষণ করেছে সিএনএন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এসব তৎপরতার মাধ্যমে জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘন করে থাকতে পারে ইরান।

প্রতিবেদনে পারচিনের একটি স্থাপনার কথা উল্লেখ করা হয়েছে। সেখানে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক উপাদান মজুত রয়েছে বলে ধারণা করা হয়।

ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পর ওই এলাকায় একাধিকবার হামলা হয়েছে। জুন ও জুলাই মাসের নতুন স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সিএনএনের কেটি পোলগ্লেস বলেন, “আমরা দেখতে পাচ্ছি, ইরান ওই স্থানটি মেরামত ও পুনর্নির্মাণের জন্য পদক্ষেপ নিচ্ছিল বলে মনে হচ্ছে।”

তিনি বলেন, “হামলার ফলে তৈরি হওয়া গর্তগুলোর ওপর অস্থায়ী ঢাকনা বসানো হয়েছে। কয়েক সপ্তাহ পর সমঝোতা স্মারক কার্যকর থাকা অবস্থাতেই ঢাকনাগুলো সরিয়ে সেখানে একটি জাল বসানো হয়। কাছাকাছি কংক্রিট মেশানোর ট্রাকও দেখা গেছে।”

বিশেষজ্ঞদের মতে, কংক্রিট মেশানোর ট্রাকের উপস্থিতি থেকে ধারণা করা হচ্ছে, হামলায় তৈরি গর্তগুলো বন্ধ করার পরিকল্পনা করছে ইরান।

এ ছাড়া পিক্যাক্স মাউন্টেনে অবস্থিত আরেকটি সন্দেহভাজন পারমাণবিক স্থাপনার সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে টানেলের ভেতরে ট্রাক চলাচলের দৃশ্য দেখা গেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

This post was viewed: 17

আরো পড়ুন