Skip to main content

Ridge Bangla

ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প

ইরান তাকে হত্যার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক জবাব দেবে বলে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে হামলার জন্য হাজার হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে মার্কিন সামরিক বাহিনী।

গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে হত্যার হুমকির বিষয়ে ইরান সরকার কোনো পদক্ষেপ নিলে তার জবাব দিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত।

তিনি লেখেন, ‘১ হাজার ক্ষেপণাস্ত্র লক ও লোড করা অবস্থায় ইরানের দিকে তাক করা আছে। এগুলো ছোড়ার পরপরই আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র আঘাত হানবে।’

ট্রাম্প আরও বলেন, এ বিষয়ে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। তার দাবি, ইরানের বিভিন্ন এলাকা ‘সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিহ্ন’ করতে মার্কিন বাহিনী প্রস্তুত। এমন সামরিক অভিযান ১ বছর কিংবা তার চেয়েও বেশি সময় ধরে চলতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলেমানি নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। ট্রাম্প এর আগেও দাবি করেছেন, তিনি ইরানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু।

নিউইয়র্ক পোস্টের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরান তাকে হত্যা করতে সফল হলে বড় ধরনের পাল্টা হামলা চালানোর নির্দেশ আগে থেকেই দেওয়া রয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমি অনেকদিন ধরেই তাদের তালিকায় রয়েছি।’

নিজের কোনো ক্ষতি হলে ইরানে এমন হামলা চালাতে মার্কিন বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, যা দেশটি আগে কখনো অনুভব করেনি বলেও দাবি করেন তিনি।

This post was viewed: 35

আরো পড়ুন