Ridge Bangla

ইরানের কৃষি সেচপাম্প কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ১

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে কৃষিকাজে ব্যবহৃত একটি পানি পাম্পিং স্টেশনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গভীর রাতের এ হামলায় কেন্দ্রটির এক নিরাপত্তারক্ষী নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন। একই সময়ে দক্ষিণ ইরানের আরও কয়েকটি স্থানেও নতুন হামলার খবর পাওয়া গেছে। খবর আনাদোলুর।

ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলাবিষয়ক ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি জানিয়েছেন, মাহশাহর কাউন্টির ওই পানি পাম্পিং স্টেশনে হামলার সময় দায়িত্ব পালন করছিলেন নিহত নিরাপত্তারক্ষী।

হামলায় আহত ৪ জন বর্তমানে চিকিৎসাধীন। তাদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি ও চিকিৎসা দল কাজ করছে বলে জানিয়েছেন হায়াতি। তবে আহতদের শারীরিক অবস্থা বা আঘাতের ধরন নিয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।

সোমবার ভোরে দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলার অংশ হিসেবে পানি পাম্পিং স্টেশনটিতে আঘাত হানা হয়। একই সময় বন্দর আব্বাস, সিরিক, কেশম দ্বীপ, জাস্ক, বুশেহর ও কানগান এলাকাতেও হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আধা-সরকারি ইসনা সংবাদ সংস্থাকে হায়াতি জানান, সোমবার গভীর রাতে কয়েক ঘণ্টার মধ্যে খুজেস্তান প্রদেশের অন্তত ৮টি স্থানে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিট থেকে ২টা ২০ মিনিটের মধ্যে কয়েক দফায় এসব আঘাত হানা হয়।

হায়াতি বলেন, প্রতিটি স্থানে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও মূল্যায়ন করা হচ্ছে। আহভাজ বিমানবন্দরে হামলার খবরও অস্বীকার করেছেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, শহরের কাছাকাছি যে ২টি স্থানে আঘাত হানা হয়েছে, সেগুলো বিমানবন্দর থেকে দূরে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা আরও দুর্বল করার লক্ষ্যেই ইরানে সর্বশেষ এ হামলা চালানো হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন