মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চাইলে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরানের অধিকাংশ সেতু এবং বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা সম্ভব। তবে এমন পদক্ষেপ এড়ানো গেলে সেটিই তিনি করতে চান বলেও মন্তব্য করেছেন।
মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে বর্তমানে যুক্তরাষ্ট্র অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে।
সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি এক ঘণ্টারও কম সময়ে তাদের বেশিরভাগ সেতু ধ্বংস করে দিতে পারি। আমি বিদ্যুৎকেন্দ্রগুলো অচল করে দিতে পারি। একদিনের মধ্যেই তাদের সব বিদ্যুৎকেন্দ্র নিশ্চিহ্ন হয়ে যাবে।”
ট্রাম্প আরও বলেন, “অনেকেই চান আমি যেন তা করি। আমার মনে হয় প্রায় ৯ কোটি ১০ লাখ মানুষ বিদ্যুৎহীন ও সেতুবিহীন হয়ে পড়বে। এটি একটি অত্যন্ত নাজুক ভারসাম্য। আমার বিশ্বাস, এই মুহূর্তে আমাদের অবস্থান খুবই শক্তিশালী। যদি আমি এটি করা এড়িয়ে যেতে পারি, তাহলে সেটাই করতে চাই।”
গত শনিবার যুক্তরাষ্ট্র আকস্মিকভাবে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান স্থগিত করে। এর পর ইরানও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর ওপর পাল্টা হামলা বন্ধ করে।
এর আগে সোমবার ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে ইতিবাচক আলোচনা চলছে এবং একটি সমঝোতায় পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পারে বলেও তিনি সতর্ক করেন।