ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের প্রতিশোধমূলক ‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের প্রথম দুই দিনে ৬৫০-এর বেশি মার্কিন সামরিক কর্মকর্তা ও সদস্য হতাহত হয়েছেন।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েইনি বলেন, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর সদরদপ্তর ও যুদ্ধজাহাজে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ ইরানের উপকূলীয় জলসীমা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে।
নায়েইনি দাবি করেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরানি বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। হামলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ১৬০ মার্কিন সদস্য হতাহত হয়েছেন। এছাড়া ইরানি নৌবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন নৌবাহিনীর এমএসটি কমব্যাট সাপোর্ট জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, দক্ষিণ-পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে প্রায় ২৫০–৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ লক্ষ্য করে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হামলার পর রণতরীটি ভারত মহাসাগরের দক্ষিণ-পূর্ব দিকে পালিয়ে গেছে।
আইআরজিসির বক্তব্য অনুযায়ী, এই ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’ পরিচালিত হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান আগ্রাসনের জবাবে। নায়েইনি বলেন, অভিযানটি ইরানি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রক্ষা এবং প্রেরণার বার্তা বহন করছে।