ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠান চলাকালে দেশটির বর্তমান নেতৃত্বের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি দাবি করেছেন, ভবিষ্যতে ইরানের কোনো নেতা যদি ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেন, তবে তারও একই পরিণতি হবে।
সোমবার (৬ জুলাই) দেওয়া এক বিবৃতিতে ইসরায়েল কাৎজ বলেন, ‘যেকোনো ইরানি নেতা যদি ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেন, তাকে প্রতিহত করা হবে।’
একই বিবৃতিতে তিনি দাবি করেন, বর্তমানে যার জানাজা অনুষ্ঠিত হচ্ছে, সেই আয়াতুল্লাহ আলি খামেনিকে ইসরায়েল হত্যা করেছে। তার ভাষ্য, ইরান ও পুরো অঞ্চলে ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনার সূচনা ও নেতৃত্ব দিয়েছিলেন খামেনিই।
সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার প্রসঙ্গ উল্লেখ করে কাৎজ বলেন, ওই অভিযানের মাধ্যমে ইসরায়েলের সামনে থাকা ‘তাৎক্ষণিক অস্তিত্বগত হুমকি’ দূর হয়েছে। পাশাপাশি ইরানের কৌশলগত সক্ষমতাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেন।
খামেনির জানাজায় অংশ নেওয়া কিছু মানুষের ‘ট্রাম্পের মৃত্যু হোক’ স্লোগানেরও সমালোচনা করেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। তিনি এসব স্লোগানকে ‘লজ্জাজনক’ উল্লেখ করে বলেন, এগুলোই আয়াতুল্লাহদের শাসনব্যবস্থার ‘প্রকৃত চরিত্র’ তুলে ধরে।
তবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এসব বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। সাম্প্রতিক সংঘাতের পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি ও কড়া বক্তব্যের মাত্রা আরও বেড়েছে।