Skip to main content

Ridge Bangla

ইয়েমেন থেকে সৌদিতে নতুন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, সক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে। সৌদি আরবের দাবি, হুথি-নিয়ন্ত্রিত এলাকা থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।

শনিবার (২৫ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেন থেকে সৌদি আরবের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে প্রতিহত করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রিক নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর ইয়ানবুর তেল শোধনাগারকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। পরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ভূপাতিত করে।

চলতি সপ্তাহে সৌদি আরবের হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল হুথিরা। এর পরিপ্রেক্ষিতে জিজান ও ইয়ানবু শহরে আগাম সতর্কতা জারি করা হয়।

শনিবার সকালে হুথি-সমর্থিত আল মাসিরাহ টেলিভিশন জানায়, শুক্রবার রাতে হুথি-নিয়ন্ত্রিত এলাকায় টেলিযোগাযোগ কর্তৃপক্ষের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে। একই সঙ্গে কামারান দ্বীপেও হামলার খবর দেওয়া হয়। ওই হামলায় এখন পর্যন্ত এক নারী আহত হওয়ার তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

রয়টার্স প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, হোদাইদাহ বন্দরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট বন্দরটিকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে।

হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনের জন্য হোদাইদাহ বন্দর একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ। উত্তর ইয়েমেনে বাণিজ্যিক পণ্য ও মানবিক সহায়তার বড় অংশই এই বন্দর দিয়ে পৌঁছে থাকে।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এই উত্তেজনার জন্য হুথিদের দায়ী করেন। তিনি লোহিত সাগরে জাহাজে হুথিদের হামলাকে ‘কাপুরুষোচিত ও বেপরোয়া’ বলে উল্লেখ করেন।

এক বিবৃতিতে আল-মালিকি বলেন, সৌদি নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় সব অভিযানিক পদক্ষেপ অব্যাহত রাখবে। হুথিরা তাদের ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ চালিয়ে গেলে তা কঠোরভাবে দমন করা হবে।

This post was viewed: 2

আরো পড়ুন