Ridge Bangla

ইয়াবাসহ গ্রেপ্তারের পর এনসিপি নেতা শাকিল খান বহিষ্কার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাকিল খানকে (২৬) দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শাকিল খান উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম সীচা (হাজীপাড়া) গ্রামের মো. নূর মোহাম্মদ আলীর ছেলে।

দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা এনসিপির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি ও ভারপ্রাপ্ত সদস্যসচিব চৌধুরী রাহাত ইবনে শহীদের যৌথ সিদ্ধান্তে শাকিল খানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাকিল খানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী আচরণ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তার কর্মকাণ্ড দলের নীতি, আদর্শ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ কারণে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক পদসহ দলের সব ধরনের দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে তার সঙ্গে দলের নামে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার আহ্বান জানানো হয়েছে।

এর আগে রোববার দিবাগত রাতে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে শাকিল খানকে ৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন