Skip to main content

Ridge Bangla

ইমারত নির্মাণ আইন হালনাগাদে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ৩ সদস্যের কমিটি

রাজধানী ঢাকায় ইমারত নির্মাণ ও নগর উন্নয়ন-সংক্রান্ত বিদ্যমান আইন ও বিধিমালা যুগোপযোগী এবং আরও কার্যকর করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।

এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বুধবার, ৩০ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কমিটির অন্য দুই সদস্য হলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মহানগরে ইমারত বিধিমালার বাস্তবায়নের আইনি কাঠামো আরও শক্তিশালী করতে বিদ্যমান দ্য বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট, ১৯৫২ এবং দ্য টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, ১৯৫৩ পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন ও সুপারিশ প্রণয়নের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটি দুটি বিদ্যমান আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের সুপারিশ করবে, যাতে রাজধানীতে ইমারত নির্মাণ-সংক্রান্ত বিধিমালা আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, প্রয়োজন হলে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা আয়োজন করবে। কমিটির সার্বিক সচিবালয় সহায়তা প্রদান করবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

এ ছাড়া কমিটির সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

This post was viewed: 19

আরো পড়ুন