ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৪৩ জন নিখোঁজ রয়েছেন। ফেরিটিতে মোট ৬৫ জন আরোহী ছিলেন বলে নিশ্চিত করেছে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (BASARNAS)।
বুধবার (২ জুলাই) রাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালির গিলিমানুক বন্দরের উদ্দেশে রওনা দেয় ‘কেএমপি তুনু প্রতমা জয়া’ নামের ফেরিটি। যাত্রার প্রায় ৩০ মিনিট পর এটি সাগরে ডুবে যায়।
BASARNAS জানায়, ফেরিটিতে ৫৩ জন যাত্রী, ১২ জন কর্মী এবং ২২টি যানবাহন ছিল, যার মধ্যে ১৪টি ছিল ট্রাক। বানিউয়াঙ্গি জেলার পুলিশপ্রধান রামা সামতামা পুত্রা জানান, এ পর্যন্ত ২০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই সাগরের ঢেউয়ের মধ্যে দীর্ঘ সময় ভেসে ছিলেন এবং বেশ কয়েকজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার কার্যক্রমে যুক্ত রয়েছে নয়টি উদ্ধারকারী নৌযান। তবে সাগরে প্রায় দুই মিটার উঁচু ঢেউ থাকায় অভিযান ব্যাহত হচ্ছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে এবং সব বাহিনী ও সংস্থা একযোগে কাজ করছে দ্রুত উদ্ধার নিশ্চিত করতে।
উল্লেখ্য, ফেরি দুর্ঘটনা ইন্দোনেশিয়ায় প্রায় নিয়মিত ঘটনা। দেশটি ১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত হওয়ায় দ্বীপান্তরে যাতায়াতে ফেরির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল স্থানীয় জনগণ। কিন্তু অনেক ফেরিতে নিরাপত্তাব্যবস্থা দুর্বল হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়।