ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপে অবস্থিত মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান চলছে।
শুক্রবার (৮ মে) সকাল ৭টা ৪১ মিনিটে হঠাৎ করে সক্রিয় এই আগ্নেয়গিরিতে বিস্ফোরণ শুরু হয়। এতে প্রায় ১০ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের ঘন স্তম্ভ আকাশে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে বিকট শব্দ ও ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক দুর্যোগ প্রশমন কেন্দ্র।
স্থানীয় জরুরি সেবা বিভাগের প্রধান ইওয়ান রামদানি জানান, অগ্ন্যুৎপাতের সময় ২০ জন পর্বতারোহী আটকে পড়েন, যাদের সন্ধানে উদ্ধারকর্মীরা কাজ করছেন। নিখোঁজদের মধ্যে ৯ জন সিঙ্গাপুরের নাগরিক বলে জানা গেছে।
নর্থ হালমাহেরা পুলিশের প্রধান এরলিখসন পাসারিবু জানান, নিহত তিনজনের মধ্যে দুজন বিদেশি নাগরিক। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।
বিজ্ঞানীরা আগেই আগ্নেয়গিরিটিতে অস্বাভাবিক তৎপরতার ইঙ্গিত পেয়েছিলেন এবং গত ১৭ এপ্রিল থেকে এলাকাটি পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়। স্থানীয়দেরও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্নেয় ছাই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে এবং আরও ছাই বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি লাভা প্রবাহ ও পাথর ছিটকে পড়ার ঝুঁকির বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে।