ইতালিতে বসবাসরত অভিবাসীদের জন্য সুখবর এনেছে দেশটির সরকার। বহুল আলোচিত নাগরিকত্ব আইনে বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে ইতালি সরকার, যার সুফল পেতে পারেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা।
ইতালির ২০২৬ সালের বাজেটে নাগরিকত্ব আইন সংশোধনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে নাগরিকত্ব আবেদন প্রক্রিয়ায় ব্যাপক ডিজিটাল ব্যবস্থা চালু হবে। সব তথ্য জাতীয় ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ ও স্বয়ংক্রিয় যাচাইয়ের ফলে দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা কমবে এবং আবেদন নিষ্পত্তির সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
ইতালিতে দীর্ঘদিন বৈধভাবে বসবাসকারী আবেদনকারীদের নাগরিকত্ব আবেদনের ১০ বছরের তথ্য যাচাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হবে, যাতে অপ্রয়োজনীয় বিলম্ব ও ফাইল জট কমে। পাশাপাশি, বিদেশে জন্ম নেওয়া শিশুদের জন্য নাগরিকত্ব ঘোষণার সময়সীমা এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে এবং ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এ ঘোষণার ২৫০ ইউরো ফি সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।
ইতালি সরকারের ‘ইতালিয়া ডিজিটাল ২০২৬’ প্রকল্পের আওতায় আগামী জুন মাসের মধ্যে পুরো নাগরিকত্ব সিস্টেমটি সম্পূর্ণভাবে চালু হওয়ার কথা রয়েছে। তখন আবেদনকারীরা স্মার্টফোন ব্যবহার করে স্পিড বা সিআইই (SPID/CIE)-এর মাধ্যমে আবেদনের প্রতিটি ধাপ সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন। এর আগে পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে এই ডিজিটাল সুবিধা চালু ছিল।
স্থানীয় অভিবাসীদের মতে, এই পরিবর্তন প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করছে, বিশেষ করে যারা নতুন করে ইতালিতে যেতে চান বা সিজনাল ভিসা থেকে বৈধভাবে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন।