Ridge Bangla

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ব্যাপক বিমান হামলা, হতাহতের খবর

ইউক্রেনের একাধিক অঞ্চলে নতুন করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ড্রোনের মাধ্যমেও হামলা চালানো হচ্ছে। এসব হামলায় শিশুসহ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভ। শনিবার (২০ জুন) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় একসঙ্গে এসব হামলা চালানো হয়। মধ্যাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে হামলায় আবাসিক ভবন, একটি পোস্ট অফিস এবং বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাভলোহরাদ শহরে হামলায় ৮ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলেও হামলা চালিয়েছে রাশিয়া। সেখানে জ্বালানি ট্যাংকার ও একটি গ্যাস ট্যাংকারে আগুন ধরে যায়। এ ঘটনায় একজন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। টানা বিমান হামলার সতর্কতার কারণে উদ্ধার কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে।

এ ছাড়া পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক শহরে আলাদা হামলায় ৩ জন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার এসব হামলাকে ‘বিমান সন্ত্রাস’ হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, মস্কো হামলা বন্ধের কোনো আগ্রহ দেখাচ্ছে না। একই সঙ্গে পশ্চিমা মিত্রদের প্রতি আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানিয়েছে কিয়েভ।

অন্যদিকে রাশিয়ার দাবি, রাতভর চালানো ড্রোন হামলার সময় তারা ইউক্রেনের ১৩৩টি ড্রোন ভূপাতিত করেছে।

ইউক্রেনীয় সেনাবাহিনীও দাবি করেছে, তারা ৭৯টি রুশ ড্রোন ধ্বংস করেছে। তবে দুই পক্ষের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি।

This post was viewed: 1

আরো পড়ুন