ইউক্রেনের চর্নমর্স্ক বন্দরে একটি পণ্যবাহী জাহাজে আটকে রয়েছেন ১৫ জন নাবিক। তাদের মধ্যে ১৩ জনই ভারতীয়। কৃষ্ণ সাগরের সংঘাতপূর্ণ এলাকায় অবস্থান করায় তারা অব্যাহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির মধ্যে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় নাবিকদের সংগঠন সিম্যানস ইউনিয়ন অব ইন্ডিয়া সতর্ক করে জানিয়েছে, ওই নাবিকরা ‘ভয়াবহ এবং নিহত হওয়ার ঝুঁকিতে’ রয়েছেন। সংগঠনটির দাবি, কৃষ্ণ সাগরে রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধের কারণে তারা যেকোনো সময় সরাসরি হামলার মুখে পড়তে পারেন।
সিম্যানস ইউনিয়ন অব ইন্ডিয়া জানিয়েছে, আটকে থাকা জাহাজটির নাম এমভি আমির-১। সংগঠনটি একটি ভিডিওও প্রকাশ করেছে, যেখানে জাহাজ থেকে কিছু দূরে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। তাদের মতে, এটি ওই বন্দরের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির চিত্র তুলে ধরে।
এখন পর্যন্ত কোনো দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা জাহাজটির মালিকপক্ষ ভারতীয় নাবিকদের আটকে থাকার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
বিশ্বের বাণিজ্যিক নৌপরিবহনে ভারতীয় নাবিকদের উপস্থিতি উল্লেখযোগ্য। গভীর সমুদ্রে চলাচলকারী বহু জাহাজে ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং ইউরোপে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কোনো পক্ষ না হওয়া সত্ত্বেও এসব সংঘাতের মধ্যে পড়ে এখন পর্যন্ত প্রায় ২০ জন ভারতীয় নাবিক নিহত হয়েছেন।