Skip to main content

Ridge Bangla

ইউক্রেনের দাবি, ৮০০ কিলোমিটার দূরে ড্রোন হামলায় ধ্বংস রাশিয়ার কৌশলগত বোমারু বিমান

দূরপাল্লার ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার এঙ্গেলস বিমানঘাঁটিতে একটি টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা। এ ঘটনাকে রাশিয়ার বিরুদ্ধে ‘দূরপাল্লার নিষেধাজ্ঞা’ বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ তথ্য জানিয়েছে কিয়েভ পোস্ট।

শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা জানায়, তাদের দূরপাল্লার ড্রোন প্রায় ৮০০ কিলোমিটার অতিক্রম করে এঙ্গেলস বিমানঘাঁটিতে আঘাত হানে।

টেলিগ্রামে প্রকাশিত বার্তায় সংস্থাটি জানায়, ‘এসবিইউ-এর ড্রোনগুলো ৮০০ কিলোমিটার পথ অতিক্রম করে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে- এর লেজের অংশটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।’

সংস্থাটির দাবি, টিইউ-৯৫ বোমারু বিমানটি নিয়মিতভাবে ইউক্রেনের বিরুদ্ধে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যবহার করা হতো। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নির্দেশনার অংশ হিসেবে রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এসবিইউ ধারাবাহিকভাবে রাশিয়ার যুদ্ধযন্ত্রের গুরুত্বপূর্ণ অংশগুলো ধ্বংস করছে। প্রতিটি কৌশলগত বোমারু বিমান ধ্বংস করার অর্থ হলো ইউক্রেনের শহরগুলোতে ডজন ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ঠেকানো, ইউক্রেনীয়দের প্রাণ বাঁচানো এবং শত্রুপক্ষের কোটি কোটি ডলারের অপূরণীয় ক্ষতি করা।’

এ হামলার পর টেলিগ্রামে দেওয়া এক পোস্টে অভিযানে অংশ নেওয়া ইউক্রেনীয় বাহিনীকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে আমাদের দূরপাল্লার নিষেধাজ্ঞা আবারও সফল হয়েছে। বিশেষ করে, এসবিইউ বাহিনী এঙ্গেলস ঘাঁটিতে টিইউ-৯৫ সামরিক বিমান ধ্বংস করেছে, যা আমাদের দেশের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কাজে ব্যবহৃত হতো।’

তিনি আরও বলেন, ‘আমাদের রাষ্ট্র ও জনগণের ওপর আগ্রাসনের জন্য রাশিয়াকে যে চড়া মূল্য দিতে হচ্ছে, আমরা তা ক্রমাগত বাড়িয়ে যাচ্ছি।’

তবে এ বিষয়ে রাশিয়ার কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

This post was viewed: 20

আরো পড়ুন