Ridge Bangla

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৭, আহত ৪৯; ক্ষতিগ্রস্ত ওয়াইল্ডবেরিজের দুটি গুদাম

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রয় প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের দুটি গুদাম ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এ ঘটনায় অন্তত ৭ জন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

শনিবার (১৮ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে চালানো ওই হামলার সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হয় মস্কো থেকে প্রায় ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তাম্বোভ শহরের ওয়াইল্ডবেরিজের একটি গুদামে। সেখানে রাতের শিফটে কর্মরত ৭ জন ঘটনাস্থলেই নিহত হন এবং আহত হন ২৫ জন। তাম্বোভ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ছাড়া মস্কো অঞ্চলের ইলেকট্রোস্তাল শহরে ওয়াইল্ডবেরিজের আরেকটি গুদামে হামলায় আরও ২৪ জন আহত হয়েছেন। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ বলেন, আহতদের কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, হামলার লক্ষ্য ছিল এমন গুরুত্বপূর্ণ সরবরাহকেন্দ্র, যেখান থেকে ড্রোন তৈরিতে ব্যবহৃত নিষিদ্ধ যন্ত্রাংশ ও দিকনির্দেশনা সরঞ্জাম সরবরাহ করা হতো। তিনি জানান, একই অভিযানে আজভ সাগর, কৃষ্ণ সাগর এবং রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ার একাধিক লক্ষ্যবস্তুতেও হামলা চালানো হয়েছে।

জেলেনস্কি বলেন, ইউক্রেনের বেসামরিক অবকাঠামো, শহর এবং জনবসতিতে রাশিয়ার ধারাবাহিক হামলার প্রতিক্রিয়া হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতভর ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ হামলায় অন্তত ১৪ জন নিহত হন।

রাশিয়ার অ্যামাজন নামে পরিচিত ওয়াইল্ডবেরিজের প্রধান নির্বাহী তাতিয়ানা কিম এ ঘটনাকে ‘কোম্পানি ও রাশিয়ার জন্য এক ভয়াবহ রাত’ বলে উল্লেখ করেছেন।

This post was viewed: 6

আরো পড়ুন