Ridge Bangla

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৪, আহত ৭

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ৪ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সোমবার ইউক্রেন মস্কোসহ রাশিয়ার বিভিন্ন এলাকায় এসব হামলা চালায়।

ক্রেমলিনের চার বছরের বেশি সময় ধরে ইউক্রেনে চলমান সামরিক অভিযানের জবাবে কিয়েভ রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তু, বিশেষ করে জ্বালানি স্থাপনায় হামলা জোরদার করেছে বলে দাবি করে আসছে।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, ইস্ত্রা এলাকার পিওনেরস্কি বসতিতে একটি ড্রোন হামলায় ৩ জন নিহত এবং আরও ৩ জন আহত হয়েছেন।

তিনি জানান, একই অঞ্চলের অন্য একটি এলাকায় আরও ২ জন আহত হয়েছেন। তার ভাষ্য, মস্কোর আকাশে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ৮১টি ড্রোন ভূপাতিত করেছে।

অন্যদিকে, ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বেরেজোভকা শহরে ড্রোন হামলায় এক নারী নিহত হয়েছেন। এ ছাড়া ক্রিনিচনয়ে এলাকায় আরও ২ জন আহত হয়েছেন।

এদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলের স্তাভরোপোল অঞ্চলও ড্রোন হামলার শিকার হয়েছে। অঞ্চলটির গভর্নর ভ্লাদিমির ভ্লাদিমিরভ জানিয়েছেন, শপাকভস্কি জেলার ভিয়াজনিকি এলাকার একটি শিল্পাঞ্চলে হামলার পর আগুন ধরে যায়।

তিনি বলেন, ঘটনাস্থলে জরুরি সেবা ও অগ্নিনির্বাপণ বাহিনীর সদস্যরা কাজ করছেন। এখন পর্যন্ত সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গভর্নর আরও জানান, পুরো অঞ্চলে এখনও ড্রোন হামলার আশঙ্কা রয়েছে। এ কারণে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

This post was viewed: 3

আরো পড়ুন