Skip to main content

Ridge Bangla

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারে আগুন

রাশিয়ার রাজধানী মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার পর বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর জেরে মস্কো ও আশপাশের এলাকায় ‘বিষাক্ত কালো বৃষ্টি’ ঝরে পড়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৯ জুন) স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, বৃষ্টির পানির সঙ্গে জ্বালানি তেলের পোড়া ছাই ও তৈলাক্ত কণা মিশে রাস্তাঘাট, গাড়ি এবং বহুতল ভবনের ছাদে কালো আস্তরণ তৈরি করেছে। তবে রুশ প্রশাসন প্রাথমিকভাবে পরিবেশ বিপর্যয়ের এমন দাবি অস্বীকার করেছে।

এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) মস্কো লক্ষ্য করে একযোগে প্রায় ২০০টি ড্রোন ছোড়ে ইউক্রেনীয় বাহিনী। হামলার মূল লক্ষ্য ছিল রাজধানীর দক্ষিণ-পূর্বাঞ্চলের কাপোতনিয়া তেল শোধনাগার।

ড্রোন হামলায় শোধনাগারের একটি বড় তেলের ট্যাংকে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে সেখানে আগুন ছড়িয়ে পড়ে। পরে কালো ধোঁয়ায় ঢেকে যায় মস্কোর আকাশ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ছোড়া ১ হাজারের বেশি ড্রোন এবং অন্তত ৪টি ক্রুজ মিসাইল আকাশেই ধ্বংস করেছে তারা।

রুশ কর্তৃপক্ষের দাবি, ড্রোনের ধ্বংসাবশেষ আবাসিক এলাকায় পড়ায় কয়েকজন আহত হয়েছেন। নিরাপত্তাজনিত কারণে মস্কোর প্রধান বিমানবন্দরগুলোর ফ্লাইট কার্যক্রমও দীর্ঘ সময় বন্ধ রাখা হয়।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার বিষয়টি নিশ্চিত করে একে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ‘ন্যায্য প্রতিশোধ’ বলে মন্তব্য করেছেন।

This post was viewed: 13

আরো পড়ুন