Skip to main content

Ridge Bangla

ইউক্রেনের জ্বালানি ও শিল্প অবকাঠামোয় রুশ ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ১০ লাখের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা জানান, শুক্রবার (১২ ডিসেম্বর) রাতভর চালানো এই হামলায় জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকো বলেন, অন্তত পাঁচটি অঞ্চলে হামলা হয়েছে এবং এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। আগুন নেভানো ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে।

যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো রুশ হামলার অন্যতম লক্ষ্যবস্তু। তবে আগামী শীত সামনে রেখে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে মস্কো। শনিবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এক রাতেই ৪৫০টির বেশি ড্রোন ও ৩০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা করেছে রাশিয়া। এতে করে ডনিপ্রোপেত্রভস্ক, কিরোভোহরাদ, মাইকোলাইভ, ওডেসা ও চেরনিহিভ অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, হামলায় কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও ব্যবহৃত হয়েছে, যা মাঝপথে দিক বদলাতে সক্ষম হওয়ায় শনাক্ত করা কঠিন। এদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানায়, ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে বাহ্যিক বিদ্যুৎ সংযোগ হারালেও পরে তা স্বাভাবিক করা হয়েছে। কেন্দ্রটি বর্তমানে রুশ নিয়ন্ত্রণে রয়েছে।

এ হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জার্মানিতে গিয়ে ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের সঙ্গে যুদ্ধ অবসানের আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছেন।

This post was viewed: 45

আরো পড়ুন