Ridge Bangla

ইউক্রেনের খারকিভে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৪

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আজ মঙ্গলবার ভোরে অঞ্চলটির গভর্নর ওলেগ সিনেগুবভ এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় গভর্নর জানান, খারকিভ অঞ্চলের চুগুইভ শহরে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ২২ বছর বয়সী এক তরুণীসহ চারজনের মৃত্যু হয়েছে।

ওলেগ সিনেগুবভ বলেন, ড্রোন হামলার পর বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। এতে অন্তত ১৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বহুতল আবাসিক ভবনের জানালার কাচ ভেঙে গেছে এবং ভবনের বাইরের অংশেও ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে খারকিভ শহরের মেয়র ইগর তেরেখভ জানিয়েছেন, শহরের পৃথক হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে রাশিয়ার হামলায় বেসামরিক মানুষের হতাহতের ঘটনা বেড়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়ার অভ্যন্তরেও ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন।

কিয়েভ বলছে, ‘এসব হামলা রাশিয়ার সামরিক ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে চালানো হচ্ছে।’

জাতিসংঘের এপ্রিল মাসে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকায় অন্তত ১৫ হাজার ৮৫০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

এ ছাড়া রাশিয়ার নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোতে আরও ২ হাজার ৮০০ জনের বেশি বেসামরিক মানুষের মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে জাতিসংঘ। ইউক্রেন ও রাশিয়া অধিকৃত অঞ্চল মিলিয়ে এখন পর্যন্ত আহত হয়েছেন ৪৪ হাজারের বেশি মানুষ।

This post was viewed: 7

আরো পড়ুন