Skip to main content

Ridge Bangla

ইইউ বাংলাদেশে নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ উপলক্ষে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবসকে প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার ইইউর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরোপীয় কমিশনের উচ্চ প্রতিনিধি ও ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসও বাংলাদেশে নির্বাচনী পর্যবেক্ষক মিশন পাঠানোর অনুমোদন দিয়েছেন।

প্রধান পর্যবেক্ষক হিসেবে নিয়োগের প্রতিক্রিয়ায় ইভার্স ইজাবস বলেন, ‘বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত। এই মিশন নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন উপস্থাপন করবে।’ তিনি আরও বলেন, ‘এটি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, শক্তিশালী প্রতিষ্ঠান, আইনের শাসন এবং মানবাধিকার সুরক্ষার প্রতি ইইউর সমর্থনের একটি বাস্তব উদাহরণ।’

ইউরোপীয় ইউনিয়নের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপ পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবে। পাশাপাশি দলটি নির্বাচনের সময় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ করবে এবং মতবিনিময় করবে। ইইউর এই পদক্ষেপকে বিশেষ গুরুত্ব দিয়ে বলা হয়েছে, এটি বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিতকরণের প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক মানদণ্ড রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের কার্যক্রম স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মনিটরিং ও মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

This post was viewed: 43

আরো পড়ুন