Ridge Bangla

আ. লীগের কর্মসূচি ঠেকাতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, নিষিদ্ধ দল আওয়ামী লীগ ঘোষিত যেকোনো কর্মসূচি প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা উসকানিমূলক কার্যক্রম চালাতে চাইলে কঠোর হাতে দমন করা হবে। পুলিশ ও প্রশাসনকে বলা হয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়। তিনি আরও বলেন, যেসব ব্যক্তি জামিনে রয়েছেন এবং পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন সবার জন্য সমান।

নির্বাচনকালীন নিরাপত্তা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম জানান, গাজীপুরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। প্রতিটি থানা, হাইওয়ে ও ভোটকেন্দ্র এলাকায় নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হবে।

এ সময় তিনি সংবাদকর্মীদের উদ্দেশে বলেন, “গুজব, ভুয়া তথ্য ও বিভ্রান্তি রোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অপপ্রচার বন্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।”

This post was viewed: 36

আরো পড়ুন