দক্ষিণ-পূর্ব এশীয় জোট আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টায় বর্তমান চেয়ারম্যান দেশ ফিলিপাইনের সমর্থন কামনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশনের ৫০তম বার্ষিকী উপলক্ষে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মা. থেরেসা পি. লাজারোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ অনুরোধ জানান।
বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী নার্সিং খাতে সহযোগিতা, চিকিৎসা পর্যটনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং পরিবার পুনর্মিলনসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।
এ সময় দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায়ও ফিলিপাইনের সমর্থন চান ড. খলিলুর রহমান।
বৈঠকে উভয় মন্ত্রী বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়েও মতবিনিময় করেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই আঞ্চলিক জোটের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও গভীর করা এবং বহুমুখী সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার মর্যাদা অর্জে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।