জনপ্রিয় তেলেগু তারকা নিথিন অভিনীত নতুন সিনেমা ‘থাম্মুদু’ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার, ৪ জুলাই। অ্যাকশন ঘরানার এই বড় বাজেটের সিনেমাটির পরিচালনায় আছেন খ্যাতিমান নির্মাতা ভেনু শ্রীরাম। সিনেমাটি ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল।
সমালোচকদের মতে, ‘থাম্মুদু’ নিছক একটি সাধারণ বাণিজ্যিক সিনেমা নয়। বরং এটি নিথিনের ক্যারিয়ারে এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। কেউ কেউ বলছেন, এই সিনেমা নতুন ইতিহাস সৃষ্টি করতে পারে কিংবা একটি বড় শিক্ষা দিয়ে ফিরতেও পারে।
সিনেমাটিতে নিথিনের সঙ্গে আরও অভিনয় করেছেন সপ্তমী গৌড়া, লায়া, বর্ষা বোল্লাম্মা, সৌরভ সচদেব, স্বাসিকা, হরি তেজা, শ্রীকান্ত আয়েঙ্গার, ও টেম্পার ভামসি। শক্তিশালী এই তারকাবহুল কাস্ট দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
পরিচালক ভেনু শ্রীরাম এর আগে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন। এবার নিথিনকে এক ভিন্নরূপে উপস্থাপন করতে চলেছেন তিনি। যদিও নিথিন এর আগেও বক্স অফিসে একাধিক হিট দিয়েছেন, সাম্প্রতিক সময়ে কিছু সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। ‘থাম্মুদু’ দিয়ে সেই সমালোচনার জবাব দিতে চান এ অভিনেতা।
প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমাটিতে থাকবে থ্রিল, অ্যাকশন ও আবেগের গভীর সংমিশ্রণ। গল্প ও নির্মাণশৈলীতে থাকবে ভিন্নতা, যা দর্শকদের দেবে এক নতুন অভিজ্ঞতা।
সকল দিক বিবেচনায়, মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘থাম্মুদু’। এখন দেখার বিষয়, সিনেমাটি বক্স অফিসে কেমন সাড়া ফেলে।