আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (নর্থ) বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার পুনর্নির্ধারিত লেভেলাইজড ট্যারিফ অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। নতুন ট্যারিফ কার্যকর হলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বছরে প্রায় ২৫ কোটি ১৭ লাখ টাকা সাশ্রয় হবে।
বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এশীয় উন্নয়ন ব্যাংক ও ইসলামিক উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করে। ২০১৭ সালে উৎপাদন শুরু করা কেন্দ্রটি ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বিদ্যুৎ সরবরাহ করে আসছে।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুতের বিদ্যমান লেভেলাইজড ট্যারিফ ৫ টাকা ৪ পয়সা থেকে কমিয়ে ৫ টাকা ৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎ খাতে অধিকতর গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ভিত্তিতে এই পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়।
নতুন ট্যারিফ কার্যকর হলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বছরে প্রায় ২৫ কোটি ১৭ লাখ টাকা সাশ্রয় করবে। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রটির সঙ্গে চুক্তির অবশিষ্ট ১৬ বছর ১০ মাস ১০ দিনের মেয়াদে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের বিপরীতে মোট ২২ হাজার ৬১৮ কোটি ১২ লাখ টাকা পরিশোধ করতে হবে।
সরকারি প্রতিষ্ঠান হওয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড বিদ্যুৎ বিক্রি থেকে যে লভ্যাংশ অর্জন করবে, তা সরকারের লভ্যাংশ হিসেবেই বিবেচিত হবে।