সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব ও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
টঙ্গীর সেলিম মিয়ার মেয়ে তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভাইরাল ভিডিও, লাইভ কার্যক্রম ও বিতর্কিত উপস্থিতির কারণে তিনি পরিচিতি পান। অভিযোগ রয়েছে, এই পরিচিতিকে কাজে লাগিয়ে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতেন।
পুলিশ জানায়, ব্ল্যাকমেইলিং, মামলার ভয় দেখানো ও প্রতারণার একাধিক অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে জুলাই আন্দোলন সংক্রান্ত মামলার হুমকি দিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায়ের ঘটনায় তিনি জড়িত ছিলেন। এ কাজে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় ছিল, যার নেতৃত্বে ছিলেন তাহরিমা নিজেই।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই চক্রটি দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে আনুমানিক ৫০ কোটি টাকা আদায় করেছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সুরভীর বিরুদ্ধে নাইমুর রহমান দুর্জয় নামের এক যুবকের কালিয়াকৈর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তার বিরুদ্ধে মামলার এজাহারে চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইলিংয়ের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। এছাড়াও সেনাপ্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সুরভী নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য করতেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।