Skip to main content

Ridge Bangla

আলজেরিয়ায় বাংলাদেশের নৌপরিবহন ও জাহাজ নির্মাণ খাতের প্রতিনিধিদল

বাংলাদেশের নৌপরিবহন ও জাহাজ নির্মাণ খাতের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল আলজেরিয়া সফরে রয়েছে। সফরের অংশ হিসেবে বুধবার (২১ অক্টোবর) তারা আলজিয়ার্সে অবস্থিত বাংলাদেশের দূতাবাস পরিদর্শন করেন এবং সেখানে রাষ্ট্রদূত মো. নজমুল হুদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দূতাবাসের চ্যান্সারি অফিসে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের জাহাজ নির্মাণ খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

দূতাবাস সূত্রে জানা যায়, প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কর্ণফুলি শিপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রশিদ। আলজেরিয়া সফরের মূল উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে জাহাজ নির্মাণ ও নৌপরিবহন খাতে পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা অনুসন্ধান।

রাষ্ট্রদূত নজমুল হুদা প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং বাংলাদেশ–আলজেরিয়া অর্থনৈতিক অংশীদারিত্ব আরও সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন। তিনি কর্ণফুলি শিপ বিল্ডার্স লিমিটেডের উদ্যোগের প্রশংসা করে বলেন, এই সফর দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

এ সময় প্রতিনিধি দল কর্ণফুলি শিপ বিল্ডার্স লিমিটেডের বিভিন্ন অর্জন ও চলমান প্রকল্প নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, তাদের দক্ষতা ও অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পকে আরও এগিয়ে নেবে।

সফরকালে প্রতিনিধি দল আলজেরিয়ার পরিবহন মন্ত্রণালয়, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বিনিয়োগ প্রচার কর্তৃপক্ষ এবং ইকোরেপ শিপবিল্ডিং ইয়ার্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে।

This post was viewed: 68

আরো পড়ুন