Skip to main content

Ridge Bangla

আলজেরিয়ায় গভীর খাদে যাত্রীবাহী বাস, প্রাণ গেল ২৫ জনের

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও কয়েক ডজন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (৩১ জুলাই) উপকূলীয় শহর বুমেরদেসের কাছে এ দুর্ঘটনা ঘটে। দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে, কী কারণে বাসটি খাদে পড়ে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের দ্রুত আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব। তিনি উদ্ধার কার্যক্রম ও জরুরি সেবার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ ক্ষেত্রে বাসটির কারিগরি সক্ষমতা, সড়কের অবস্থা এবং চালকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের আগস্টে আলজিয়ার্সের কাছেই আরেকটি বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত হন। একই বছরের ডিসেম্বরে দক্ষিণাঞ্চলের বেচার এলাকায় বাস উল্টে আরও ১৪ জনের মৃত্যু হয়েছিল।

আলজেরিয়ার সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৮৩৮ জন নিহত এবং ৩৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এ পরিসংখ্যান দেশটির সড়ক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

This post was viewed: 2

আরো পড়ুন