নওগাঁ সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভও করেছেন স্থানীয়রা।
বুধবার (২২ জুলাই) বিকেলে সদর উপজেলার নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষক আব্দুস সালাম বিদ্যালয়টির সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় চতুর্থ শ্রেণির শ্রেণিকক্ষে কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না। এ সময় কয়েকজন শিক্ষার্থী ফুটবল খেলায় আর্জেন্টিনার হার নিয়ে ব্যঙ্গাত্মক গান গাইতে শুরু করে। গান শুনে সহকারী শিক্ষক আব্দুস সালাম শ্রেণিকক্ষে প্রবেশ করেন।
অভিযোগ রয়েছে, নিজের পছন্দের ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি একটি প্লাস্টিকের বৈদ্যুতিক তার দিয়ে শিক্ষার্থীদের এলোপাতাড়ি মারধর করেন। এতে শ্রেণিকক্ষে থাকা ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৭ জন ছেলে-মেয়ে আহত হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। রাতে বিদ্যালয়সংলগ্ন নারচী মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। তারা শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক আব্দুস সালাম নিজের ভুল স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেন। তিনি বলেন, বিষয়টি অভিভাবক ও অন্যান্য শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
নওগাঁ জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানাউল হাবিব বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।