দেশে চলমান মাফিয়াতন্ত্র ও দখলদারিত্ব বন্ধ না হলে আবারও একটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি ও মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় এ হুঁশিয়ারি দেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “নারায়ণগঞ্জে যে পরিবারতন্ত্র ও মাফিয়াতন্ত্র চলছে, তা সারা দেশের প্রতিচ্ছবি। আওয়ামী লীগের আমলে শুরু হওয়া দখলদারিত্ব ও চাঁদাবাজির সংস্কৃতি এখনো অব্যাহত রয়েছে। যদি এই খেলা বন্ধ না হয়, তবে আরেকটি গণঅভ্যুত্থান অনিবার্য।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি বদলাতে হবে। নারায়ণগঞ্জে বছরের পর বছর একটি গোষ্ঠী চাঁদাবাজি ও দখলদারি চালিয়ে যাচ্ছে। গত রাতেই আমাদের একটি তোরণ জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর জবাব চাই।” তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবার এখনো হুমকির মধ্যে রয়েছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছে।
নাহিদ ইসলাম বলেন, “জুলাইতে নারায়ণগঞ্জে বুকের রক্ত দিয়ে সন্ত্রাস ও আওয়ামী লীগকে প্রতিরোধ করেছিল ৫৬ জন শহীদ। সেই সন্ত্রাসের অভয়ারণ্য এবার ভেঙে দিতে হবে।”
এর আগে পদযাত্রাটি শহরের নিতাইগঞ্জ থেকে শুরু হয়ে বি-বি রোড ঘুরে চাষাড়া বিজয়স্তম্ভ চত্বরে এসে শেষ হয়। পথসভায় সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, উত্তরের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু ও শওকত আলী।
পথসভা ঘিরে চাষাড়া ও আশপাশের এলাকায় বাড়তি পুলিশি নিরাপত্তা লক্ষ্য করা গেছে। এনসিপির ব্যানার ও ফেস্টুনে লেখা ছিল ‘জুলাই বিপ্লব’-এর নানা স্লোগান। বিপুলসংখ্যক নেতাকর্মী পদযাত্রা ও সমাবেশে অংশ নেন।