নিবন্ধিত রাজনৈতিক দল জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করলেও নিজ দলের প্রতীকে ভোট দিতে হবে—এমন বিধান রেখে সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে।
সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশ করেছে। এই সংশোধনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জোট থাকা সত্ত্বেও জোট মনোনীত প্রার্থী বড় দল বা অন্য দলের প্রতীকে ভোটে অংশগ্রহণ করতে পারবে না। ভোটারদের অবশ্যই স্ব স্ব দলের প্রতীকে ভোট দিতে হবে।
এর আগে ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশের খসড়া নীতিগতভাবে অনুমোদিত হয়। তবে জোটের প্রতীকের সংশ্লিষ্ট ২০ অনুচ্ছেদে বিএনপি আপত্তি তোলে। অন্যদিকে জামায়াত ও এনসিপি এই সংশোধন বহাল রাখার দাবি জানায়। সবমিলিয়ে আলোচনা শেষে সরকার জোট থাকলেও প্রতিটি দলকে নিজস্ব প্রতীকে ভোট বাধ্যতামূলক রাখার সিদ্ধান্ত নেয়।
আরপিও সংশোধনের মাধ্যমে নির্বাচনী আইনের সংস্কারের সব গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে রয়েছে ভোটার তালিকা আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা আইন পরিবর্তন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, ভোটকেন্দ্র নীতিমালা, দেশি-বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা এবং সাংবাদিক নীতিমালা।
এখন সংশোধিত আরপিওর আলোকে নির্বাচন কমিশন দ্রুত দল ও প্রার্থীর আচরণবিধিমালা জারি করবে। এর ফলে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত হবে এবং ভোটারদের বিভ্রান্তি প্রতিরোধ করা সম্ভব হবে।