Ridge Bangla

আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু

ভারতে অনুপ্রবেশ ও সীমান্ত নিরাপত্তা নিয়ে ফের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার (১৮ মে) কলকাতার ভবানীপুর ও ক্যামাক স্ট্রিটে আয়োজিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি বলেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে যেখান থেকে এসেছে, সেই রাস্তা দিয়েই বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

তিনি বলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল, সিপিএম বা কংগ্রেসের চেয়ে বাংলাদেশের জামাতিদের ‘চিড়বিড়ানি’ বা অস্বস্তি অনেক বেশি বেড়ে গেছে।

এ সময় তিনি বলেন, ভোটার তালিকা থেকে ইতোমধ্যে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া হয়েছে এবং এখন তাদের প্রত্যর্পণের সময়ও এসেছে। এছাড়া সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে দ্রুত জমি হস্তান্তরের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

এদিন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে ধর্মীয় ভিত্তিতে পরিচালিত বিভিন্ন ভাতা প্রকল্প বন্ধের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এর ফলে ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিত ভাতা বাতিল করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

এ সময় শুভেন্দু অধিকারী বলেন, এসব খাতে ব্যয় হওয়া অর্থ এখন ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’-এ ব্যয় করা হবে, যাতে সব ধর্মের শিক্ষার্থীরা সমানভাবে উপকৃত হতে পারে।

তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত শিক্ষা ও কর্মসংস্থানের উন্নয়ন, কোনো ধরনের তোষণের রাজনীতি নয়।

This post was viewed: 6

আরো পড়ুন