দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী শিন-এ-রাকে ঘিরে সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়ে তিনি মারা গেছেন—এমন একটি ভিত্তিহীন গুজব। এই খবরে চমকে ওঠেন তার আত্মীয়-স্বজন ও অসংখ্য ভক্ত। এক আত্মীয় পর্যন্ত তাকে কান্নাভেজা কণ্ঠে ফোন করে জানতে চান, “তুমি কি সত্যিই মারা গেছো?”
ঘটনায় বিস্মিত হয়ে নিজের সুস্থতা এবং জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেন শিন-এ-রা। কোরিয়ান সংবাদমাধ্যম The Korea Times-এর এক প্রতিবেদনে জানানো হয়, তিনি একটি ভিডিওবার্তা পোস্ট করে পরিষ্কারভাবে বলেন, “আমি বেঁচে আছি।”
ভিডিওবার্তায় শিন-এ-রা বলেন, “আমি মরিনি। কিন্তু আমাকে এক ব্যক্তি কান্নাকাটি করতে করতে ফোন করে বলল, তুমি কি সত্যি মারা গেছো? কীভাবে এমন ভিত্তিহীন গুজব ছড়ায়?”
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, “এটা শুধু আমার সঙ্গেই নয়—ইউটিউবের মতো ভিডিও প্ল্যাটফর্মে অনেক তারকার মৃত্যু নিয়ে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। এসব মিথ্যে ও গুজব থেকে সাবধান হোন। যদি এ ধরনের খবর দেখেন, তাহলে খোঁজ নিন আসল তথ্য কোথায়।”
প্রসঙ্গত, শিন-এ-রার জন্ম ১৯৬৯ সালের ৭ মার্চ, দক্ষিণ কোরিয়ায়। তিনি ‘আইস বার’ (২০০৬) সিনেমা ও ‘আগলি অ্যালার্ট’ (২০১৩) ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
তার এই বক্তব্যে ভক্তদের মধ্যে স্বস্তি ফিরেছে। গুজবের যুগে সত্য যাচাই করার গুরুত্ব আবারও সামনে এনেছেন এই অভিনেত্রী।