গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের ফেসবুক পোস্টের জবাব দিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা।
এর আগে হানজালাকে চিড়িয়াখানায় রাখার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন রাশেদ খাঁন। এর জবাবে রাশেদকেও চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষের পাশে রাখার কথা বলেছেন এমপি হানজালা।
রোববার (২১ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে হানজালা লেখেন, ‘রাশেদ খাঁন আমাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চায়। আমি তো যাবই, তবে থাকব বাঘের সাথে- বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত না! আর রাশেদ খাঁনকে রেখে আসবো ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এক গরুর (মহিষ) পাশে। দেখি দুজন মিলে কতক্ষণ গল্প করতে পারে! চিড়িয়াখানার কর্তৃপক্ষকে শুধু একটা অনুরোধ- গরুটা (মহিষ) যেন পরে নাম পরিবর্তনের আবেদন না করে।’
এর আগে শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এমপি হানজালার সমালোচনা করে পোস্ট দেন রাশেদ খাঁন।
সেখানে তিনি লেখেন, ‘এমপি হানজালারে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে চিড়িয়াখানার কাউন্টার থেকে সবাই এই অদ্ভুত প্রাণীটাকে টিকিট কেটে দেখতে পারে! আজকে একজন বিএনপি নেতার সাথে তার যে আচরণ দেখলাম, সত্যিই লজ্জা লাগছে, এসব ম্যানারলেস লোকজন কীভাবে এমপি হলো?’
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি সালিশ বৈঠকের একপর্যায়ে উত্তেজিত হয়ে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে উচ্চস্বরে কথা বলছেন তিনি।
এ সময় তাকে বলতে শোনা যায়, ‘কথা বললেন কেন? আপনারা এখানে কাউন্টার দিলেন কেন?’
একপর্যায়ে টেবিল চাপড়ে তিনি বলেন, ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো। চুপ করেন। আমি আসছি বিচার করার জন্য। কাউন্টার দিলে আমি দিব।’