Skip to main content

Ridge Bangla

আবারও ঢাকায় আসছেন আতিফ আসলাম, পুরোনো টিকিটেই দেখা যাবে কনসার্ট

দীর্ঘ অপেক্ষার পর আবারও ঢাকায় গান শোনাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’। গত বছর স্থগিত হওয়া কনসার্টটি নতুন আয়োজনে ফিরিয়ে আনছে আয়োজক প্রতিষ্ঠান।

সম্প্রতি এক বিবৃতিতে মেইন স্টেজ ইনকরপোরেটেড জানায়, গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফ আসলামের কনসার্ট আয়োজনের কথা ছিল। টিকিট বিক্রি থেকে শুরু করে শিল্পীর সঙ্গে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হলেও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নিরাপত্তাজনিত পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে অনুষ্ঠানের মাত্র ২ দিন আগে কনসার্টটি স্থগিত করা হয়।

তখন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, কনসার্টটি বাতিল করা হয়নি; পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখে আয়োজন করা হবে। একই সময়ে আতিফ আসলামও নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের ভক্তদের উদ্দেশে বার্তা দেন। সেখানে তিনি জানান, তিনি আবার বাংলাদেশে ফিরবেন এবং আগের কনসার্টের কেনা টিকিট নতুন আয়োজনেও কার্যকর থাকবে।

এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। তারা জানিয়েছে, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সাংস্কৃতিক অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্রসহ সংশ্লিষ্ট সব অনুমোদন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভেন্যু, টিকিট বিক্রির সময় এবং অন্যান্য বিস্তারিত তথ্য কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের মেইন স্টেজ শোর জন্য যারা টিকিট কিনেছিলেন এবং রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কিনতে হবে না। মেইন স্টেজ শোর ওয়েবসাইটে নির্ধারিত রি-অ্যাপ্লাই প্রক্রিয়া সম্পন্ন করলে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে। কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই সেই টিকিট দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

এ ছাড়া যারা আগের টিকিট ফেরত দিয়ে রিফান্ডের আবেদন করেছিলেন, তারাও চাইলে আবেদন প্রত্যাহার করে টিকিট পুনর্বহালের সুযোগ পাবেন। একই প্রক্রিয়ায় তাদের কাছেও টিকিট পাঠানো হবে। নতুন দর্শকদের জন্য সীমিত সংখ্যক টিকিট বিক্রি করা হবে।

This post was viewed: 52

আরো পড়ুন