দেশের নানা স্থানে একের পর এক অগ্নিকাণ্ড ঘটেই চলেছে। গত কয়েকদিনে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বেশ কিছু স্থানে পরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার সেই আগুন ছড়িয়েছে ফরিদপুরেও।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭টি দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বাজারের এক দর্জির দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় এবং সেই আগুন দ্রুতই বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।
এতে বাজারের বাচ্চু মোল্যার মার্কেট, আজিজ মোল্যার মার্কেটসহ চারটি মার্কেটের মনোহরি দোকান, টেইলার্স, ওষুধের দোকান, বীজ ভান্ডার, রেস্টুরেন্ট ও জুতার দোকান পুড়ে যায়।
খবর পেয়ে মধুখালী ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের বেলায় বাজারে পাহারাদার ছাড়া আর কোনো লোকজন ছিল না। আগুন লাগার খবর পেয়ে আমরা এসে দেখি একাধিক দোকানে আগুন জ্বলছে। ওয়ার্ড সদস্য বুলবুল হোসেন জানান, নাসির দর্জির দোকান থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুন ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্তত ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি।