পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, আফগান সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে গত তিন দিনে অন্তত ৩০ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে। সোমবার (১ জুলাই) আইএসপিআর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের কাছ থেকে বিপুল অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এই অভিযানে নিহতরা নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তাদের সহযোগী সংগঠনের সদস্য ছিলেন। তারা পাকিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ছিল। সেনাবাহিনীর দাবি, এই সন্ত্রাসীদের ভারত সমর্থন দিচ্ছে। যদিও ভারত সরকার এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
গত সপ্তাহেই উত্তর ওয়াজিরিস্তানে এক আত্মঘাতী হামলায় ১৬ সেনা নিহত হওয়ার পর এই অভিযান চালানো হয়। ওই হামলার দায়ও স্বীকার করেছিল টিটিপি। এরপর নিরাপত্তা বাহিনীর অভিযানে সীমান্তবর্তী অঞ্চলে বড় ধরনের সহিংসতা ঘটে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই অভিযানের জন্য সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেন, “সীমান্তে অনুপ্রবেশ প্রতিহত করে আমাদের সেনারা সাহসিকতার পরিচয় দিয়েছে। আমরা সন্ত্রাসবাদকে চিরতরে নির্মূল করব।”
কাবুলে তালেবান সরকার পুনরায় ক্ষমতায় আসার পর থেকে আফগান সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা বেড়েছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানো হচ্ছে। তবে তালেবান সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
এএফপির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় প্রায় ২৯০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।