Skip to main content

Ridge Bangla

আফগান–পাক সীমান্ত সংঘর্ষে উদ্বেগ জাতিসংঘের

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত সংঘর্ষ ও সহিংসতা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তোনিও গুতেরেস। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি দুই দেশকেই উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানান।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, গুতেরেস সীমান্তে দুই দেশের পাল্টাপাল্টি হামলার খবর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি উভয় পক্ষকে আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে চলার তাগিদ দিয়েছেন এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।

গত কয়েক দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে সীমান্ত অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশ্লেষকদের মতে, দ্রুত সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ ছাড়া পরিস্থিতি আরও জটিল হতে পারে। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

This post was viewed: 34

আরো পড়ুন