আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফরিদপুরের আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার অভিযোগে তার প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কারাদেশসংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, নৈতিক স্খলনজনিত অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে মো. ওবায়দুর রহমানকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের দলীয় সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে মো. ওবায়দুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওবায়দুর রহমানের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির এক সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।