Skip to main content

Ridge Bangla

আন্দোলনের মুখে চট্টগ্রামের পটিয়া থানার ওসিকে প্রত্যাহার

চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে প্রত্যাহার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধারাবাহিক আন্দোলনের মুখে এই সিদ্ধান্ত নেয়া হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে জানান, ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এর আগে, ওসির অপসারণ ও শাস্তির দাবিতে পটিয়ার ইন্দ্রপুল এলাকায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। এতে মহাসড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। একই দাবিতে চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কে ডিআইজি কার্যালয়ের সামনেও এনসিপির নেতাকর্মীরা বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করেন।

আন্দোলনের সূত্রপাত ঘটে গত মঙ্গলবার রাত ৯টার দিকে। পটিয়ার শহীদ মিনার এলাকা থেকে ছাত্রলীগের বহিষ্কৃত কর্মী দীপঙ্কর দে-কে আটক করেন আন্দোলনকারীরা। পরে তাকে থানায় নিয়ে গেলে পুলিশ তার নামে কোনো মামলা না থাকায় গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, দীপঙ্করের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকলেও পুলিশ মামলা নেয়নি এবং পরবর্তীতে আন্দোলনকারীদের কয়েকজনকে লাঠিপেটা করে আহত করে। অন্যদিকে পুলিশ দাবি করেছে, মিছিলকারীরা দীপঙ্করকে মারধর করে থানায় নিয়ে আসেন এবং থানার ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে মাত্র।

This post was viewed: 42

আরো পড়ুন