Ridge Bangla

আন্দোলনকারীদের ‘মাদকের মামলায় ফাঁসানোর’ হুমকির অভিযোগে মুম্বাই পুলিশের সদস্য বরখাস্ত

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান দেশব্যাপী আন্দোলনের মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের ভুয়া মাদকের মামলায় জড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে মুম্বাই পুলিশের এক সদস্যকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মুম্বাই কংগ্রেসের আনুষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ ভ্যানে আটক কয়েকজন শিক্ষার্থীর উদ্দেশে ভ্যানের সামনের আসনে থাকা এক পুলিশ সদস্য হুমকিমূলক ভাষায় কথা বলছেন এবং তাদের বাড়ি ফিরে যেতে বলছেন।

ভিডিওতে ওই পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, “যদি আর কোনোদিন এখানে তোমাদের দেখা যায়, তবে আমি তোমাদের জীবন ধ্বংস করে দেব। ব্যাগের মধ্যে ৫০ গ্রাম পাউডার ঢুকিয়ে মাদকের মামলায় চালান করে দেব, পুরো জীবন শেষ হয়ে যাবে।”

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওটি প্রকাশ করে মুম্বাই কংগ্রেস লিখেছে, শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি উত্থাপন করলে আলোচনার মাধ্যমে তা সমাধান না করে পুলিশি ক্ষমতার অপব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করা গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত।

এদিকে মুম্বাই পুলিশ জানিয়েছে, ঘটনার সত্যতা ও প্রেক্ষাপট যাচাই করতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 3

আরো পড়ুন